চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে রাউজান থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামি মোহাম্মদ ফারুক (২৪) আনোয়ারা রায়পুর ইউনিয়নের আজিজুল হকের ছেলে।
রোববার (৩১ মে) মধ্যরাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, গত ২ মে ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২) নামে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘মামলার অন্যতম এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালাত বোনের বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে।