Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে ৭ দিনের ব্যবধানে আবারও ২ মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ৩১ মে ২০২৬ ২১:৩৫

মঠবাড়িয়া থানা।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাতদিনের ব্যবধানে এক রাতে আবারও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মরদেহ উদ্ধারের এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ মে) সকালে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ দুই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা সাগর (৩০) ও আব্দুর রশিদ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রোববার সকালে নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন মক্তবখানা এলাকার একটি সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

একই ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা কালু মিয়ার ছেলে সাগরের মরদেহও রোববার সকালে উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, নিহত দু’জনই নিজ নিজ পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। একই রাতে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাদের মৃত্যুর কারণ কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী (পিপিএম) বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে খবর পাই যে, দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ এবং প্রায় দেড় কিলোমিটার দূরে আরেকটি মরদেহ পড়ে রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্তের জন্য সিআইডির টিমকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে, পর পর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর