Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৪:৫০ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৮:৩১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাইমচর।

চাঁদপুর: জেলার হাইমচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়েশা আক্তার নামের ছয় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোটো মেয়ে। সে শহরের একটি মাদ্রাসার শিশু-শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মাঝি তার পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে সম্প্রতি তার স্ত্রী-সন্তানেরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে বেড়াতে আসে। সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ বলেন, ‘শিশুটিকে সকাল সাড়ে ৯টায় হাসপাতালে আনা হয়েছিল। তবে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আয়েশা তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোটো ছিল। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

এদিকে, গ্রামীণ জনপদে অসচেতনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটায় আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাঁতার না জানা শিশুদের প্রতি বর্ষা ও ঈদের মৌসুমে আরও বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর