রাজবাড়ী: রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, মাদক নির্মূলে প্রশাসনিকভাবে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আযহার নামাজ শেষে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আমাদের এই সমস্ত এলাকাতে মাদকের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এই মাদককে নির্মূল করতে আমরা প্রশাসনিকভাবে নানা সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি এইসব বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেব।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আহ্বান জানাব যারা অভিভাবক আছেন, তাদের সন্তান যদি মাদকাসক্ত থাকে, তাহলে পারিবারিকভাবে ব্যবস্থা নেবেন। না হলে প্রশাসনিক ভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমাদের এই এলাকাগুলোতে আমরা শান্তি বজায় রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহতাআলা আমাদের সেই তৌফিক যেনো দান করেন, যাতে আমরা এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি। আমাদের এই এলাকাগুলোতে বিভিন্ন সমস্যা এখনও বিদ্যমান রয়েছে। দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানের জন্য দল, মত, নির্বিশেষে সকলে একসঙ্গে কাজ করব।’
ঈদের জামাত শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী।