ঢাকা: রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৭ মে) এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ২৭ মে বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সি ছয় নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের বাবা-মা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।’
তিনি আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, এসি’র গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
এ ছাড়াও মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মহান আল্লাহতায়ালার দরবারে শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের বাবা-মাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।’