চাঁদপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এই আগাম ঈদ উদযাপন সম্পর্কে মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিশ্চিত করেন সাদ্রা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদ্রা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
দ্বিতীয় জামাত সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
এই আগাম ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার একাধিক গ্রামের মুসল্লিরা। অংশগ্রহণকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর ও বাশারা।
এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, চরভাগল ও হাঁসা; মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের কিছুসংখ্যক মুসল্লিও এই ঈদ উদযাপনে অংশ নেবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ইসহাক চৌধুরী (রহ.) এই আগাম ঈদসহ ধর্মীয় রীতি ও প্রথা চালু করেন। তার মৃত্যুর পর থেকে তার পরিবার ও অনুসারীরা সেই ধারা অনুসরণ করে আসছেন।