Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২০:৩৫

আটককৃত দুই দস্যু ও উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ।

বাগেরহাট: সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা এবং আত্মসমর্পণকৃত ‘ছোটো সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) ও পুলিশ।

সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত সুন্দরবনের সেলা নদী ও মোংলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর আসে, সম্প্রতি (১৭ মে) আত্মসমর্পণ করা কুখ্যাত ‘ছোটো সুমন বাহিনী’র দুই সদস্য কোস্ট গার্ডের নজর এড়িয়ে ‘চাচা-ভাইপো’ নামে একটি নতুন দস্যু দল গঠনের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছিলেন। ওই তথ্যের ভিত্তিতে ২৫ মে সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজমুল ও হানিফকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে সদ্য তৈরি করা ‘চাচা-ভাইপো’ নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ যৌথভাবে মোংলা উপজেলার সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে তিনটি একনলা বন্দুক, একটি পাইপগান, একটি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট সাদমান আরও জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে দস্যু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর