Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নজরুল কেবল কবি নন, একটি চেতনার নাম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ২৩:৪৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি একটি চেতনার নাম। তার লেখনি আজও মানুষকে সাম্য, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসঙ্গে নিয়ে সুন্দর সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেআয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কবির লেখা গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তিনি তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে সমাজের অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে।’

দেশের তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। নজরুলের গান ও কবিতা আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগায়।’

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতি‌রিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। এ ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুন ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান দুলাল. সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এ বি এম মাহবুব বিন জালিলসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর