চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। পরে সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে ভবনে প্রবেশ করে লিফটে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচে মাশফিকের মরদেহ দেখতে পান।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন খান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।