Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:৪৮

পাউবোর দখল করা জমিতে নির্মাণাধীন ঘর।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালিরহাট বাজারসংলগ্ন দুধকুমার নদীর তীরে নদীভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পাউবো। সেই বাঁধের প্রায় ২ শতাংশ জায়গা দখল করে আধাপাকা ঘর নির্মাণ করছেন বেলদহ গ্রামের মৃত জশমত আলীর ছেলে খলিলুর রহমান।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, মিনহাজ উদ্দিন, আমিনুল প্রামাণিক, নজরুল ইসলাম ও রাজু অভিযোগ করে বলেন, কালিরহাট বাজার, ফসলি জমি ও আশপাশের বসতভিটা রক্ষায় সরকার এই বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বাঁধের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় আগামী বর্ষায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বাজার ও আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। আগে আমার ছোটো ভাই সাত্তার আলীর একটি ঘর সেখানে ছিল। পরে বাঁধ নির্মাণের সময় জমি অধিগ্রহণ করা হয়। জায়গাটি ফাঁকা থাকায় আমি ঘর তুলছি। সরকার সরাতে বললে ঘর সরিয়ে ফেলব।’

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। সরকারি জমি অবৈধভাবে দখল হোক, সেটা আমরা চাই না। প্রয়োজনে নিয়ম মেনে অনুমতি বা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করা যেতে পারে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে সরকারি জায়গায় ঘর নির্মাণ না করতে বলা হয়েছে। বিষয়টি ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে। এরপরও স্থাপনা সরানো না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর