Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে এসএসসি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কারসহ ৪ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১০:১৬

যশোর: যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মুঠোফোন ব্যবহারের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই কক্ষের চারজন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) আগামী এক বছরের জন্য সব ধরনের পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এই ব্যবস্থা নেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন।

বিজ্ঞাপন

কেন্দ্র কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা গেছে, শুক্রবার মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষার বিষয় ছিল ‘ইসলাম ধর্ম’। দুইটি কক্ষে ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের ২১৮ নম্বর কক্ষে আকস্মিক পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। এ সময় কক্ষে মো. আরিফুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর কাছে চালু অবস্থায় একটি মুঠোফোন (মোবাইল ফোন) পাওয়া যায়। পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে ওই পরীক্ষাসহ আগামী ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থী আরিফুল ইসলাম যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাসিন্দা।

এদিকে এসএসসি পরীক্ষার মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষকদের চরম অবহেলার বিষয়টি আমলে নিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। কক্ষের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় শাস্তিস্বরূপ ওই কক্ষের দায়িত্বে থাকা চারজন সহকারী শিক্ষককে আগামী ১ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সকল পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—শারমিন সুলতানা, শ্রাবণী সরকার, সাদিয়া আফরোজ এবং আসমানা আক্তার। তারা সবাই ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

জানতে চাইলে কেন্দ্র সচিব ও মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার কারণে শিক্ষকদের বিরুদ্ধেও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে আমরা গিয়ে দেখলাম, দুইটি কক্ষে পরীক্ষা হচ্ছে। একটি কক্ষের একজন শিক্ষার্থী মোবাইল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করছে। তাৎক্ষণিকভাবে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরকক্ষেও অনিয়ম দেখা গেছে। এইজন্য দায়িত্বরত চারজন কক্ষ পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে আগামী এক বছর সমস্ত পরীক্ষা কার্যক্রম থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর