Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা নদীতে মাঝি নিখোঁজের ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০০:৪২

সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে আব্দুর রশিদ (৬০) নামে এক মাঝি নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার মাইজবাড়ী এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে নতুন মাইজবাড়ী চরের দিকে নৌকা নিরাপদ স্থানে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নৌকা বাঁধার প্রস্তুতিকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে যান এবং স্রোতের টানে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দিন ভর অভিযান চালানো হলেও নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার সন্ধ্যায় মাইজবাড়ী এলাকার নদী থে‌কে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুর রশিদ স্থানীয়ভাবে একজন অভিজ্ঞ নৌকা মাঝি হিসেবে পরিচিত ছিলেন। জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘদিন ধরে যমুনা নদীতে নৌকা চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, এখানে প্রতিদিনই নৌকা চলাচল করে। নদীর স্রোতও অনেক সময় খুবই বিপজ্জনক হয়ে ওঠে। নৌকা বাঁধার সময় অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি শোনার পরই স্থানীয়ভাবে উদ্ধার কাজে সহায়তা করি।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, আব্দুর রশিদ খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। নদীর সঙ্গে তার জীবনের সম্পর্ক অনেক বছরের। এমন একজন অভিজ্ঞ মাঝির এমন মৃত্যু আমাদের সবাইকে কাঁদিয়েছে। নদী এখন আরও ভীতিকর লাগছে।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, নদীতে একজন মাঝি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর