Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আরও ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২৩:৫০

চট্টগ্রাম: জেলার বাকলিয়ায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনার উত্তেজনা ও সংঘর্ষের রেশ না কাটতেই নগরীর দুই এলাকায় আরও দুটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। নগরীর বায়েজিদ ও ডবলমুরিং থানা এলাকায় এ দুটি ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ডবলমুরিং এলাকায় অভিযুক্তকে আটক করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন পুলিশ সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকা থেকে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে।

বিজ্ঞাপন

পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত প্রতিবেশী মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

অপরদিকে শুক্রবার দুপুর দেড়টায় নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে মারধর করেন। পরে তাকে নিতে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ সদস্যরা। প্রায় ২ ঘণ্টা হাজীপাড়ায় অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় পুলিশ ও অভিযুক্তকে। পরে বিচারের আশ্বাস দিলে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হন ডবলমুরিং থানার পুলিশ সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, নগরীর বায়েজিদ ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক ঘটনায় ২ শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর