চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে খবর পেয়ে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
ইমন শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের সিলু মোহরিলের ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন ইমন। জুম্মার নামাজের আগে এ নিয়ে প্রতিবন্ধী মায়ের সঙ্গে মান-অভিমান হয় তার। এরপরই নিজ ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ‘ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’