Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় প্রস্তুত দৌলতদিয়া ঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৮:০৭ | আপডেট: ২২ মে ২০২৬ ১৮:১১

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট।

রাজবাড়ী: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে ফেরির সংখ্যা বৃদ্ধি, ঘাট ব্যবস্থাপনা জোরদার এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনের নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করতে এবার অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ফেরি, লঞ্চ, নৌপুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঘাট নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ও নৌপুলিশ থেকে মাইকিং করে যাত্রীদের সচেতন করা হচ্ছে যাতে তারা বাস থেকে নেমে ফেরিতে ওঠে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) দৌলতদিয়া ঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, সচল থাকা তিনটি ফেরিঘাটে শেষ মুহূর্তে ছোটখাটো সংস্কার কাজ করা হয়েছে। যাত্রীদের ফেরিতে ওঠার জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিসি ও নৌপুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত সচেতন করতে মাইকিং করা হচ্ছে। পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে ওঠছে।

তবে আজ বেলা সাড়ে ১১টায় ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এই সময়ে ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা ৪নম্বর ফেরি ঘাটে দ্রত গতিতে এলে ফেরির পন্টুনে আঘাত লাগলে পন্টুনটি সড়ে যায়। এতে যানবাহনগুলো পন্টুন থেকে নামনে সমস্যা হয়। তবে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ রেকার এনে ঘাটটি মেরামত করে, এজন্য ঘাটে কোনো ভোগান্তি হয় না। তবে ঝড়ের কারণে ফেরি চলাচল ৩০ মিনিট বন্ধ রাখে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ফেরি সার্বক্ষণিক চলাচল করবে। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ, নৌ-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। অতিরিক্ত যাত্রী বহন, লঞ্চের ছাদে যাত্রা এবং ঝুঁকিপূর্ণ নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাসচালক রুবেল জানান, আমরা চাই ঘাটে যানজট কম থাকুক। ঈদের সময় আসলেই ঘাটে খুব যানজট হয়, মানুষের অসুবিধা হয়। গরমে তাদের কষ্ট হয়।

বাসচালক ইসলাম বলেন, একটি ফেরি পন্টুনে এলেই ব্যাটারীচালিতঅটো গুলো পন্টুনের ওপরসহ পন্টুনের সামনে থাকে । ফলে আমাদের বাস ফেরিতে উঠতে কষ্ট হয়। অথচ কোনো দুর্ঘটনা ঘটলে বড় গাড়ির দায় চাপানো হয়।

গরু বহন করা ট্রাকচালক আশিক জানান, পদ্মা সেতু যখন হয়ছিল না তখন আমাদের ঘন্টার পর ঘন্টা এমনকি ৭ খেকে ৮ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু এখন কোন ভোগান্তি নেই। তবে এই ঘাটে আরেকটি পদ্মা সেতু হলে আমাদের জন্য ভালো হয়।

দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির কার্যকরী প্রতিনিধি আব্দুর রশিদ মল্লিক বলেন, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১২টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো রো, ইউটিলিটি ও কে টাইপ ফেরিসহ বহরে মোট ১৭টি ফেরি থাকবে। এ ছাড়া, দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বরসহ মোট ৩টি ঘাট সচল থাকবে। আশা করছি, আমরা একটি ভালো ঈদ উপহার দিতে পারব। এখন আমরা গরুর গাড়িগুলো বিশেষ ব্যবস্থায় পারাপার করছি। এরইমধ্যে গরুর গাড়িগুলো পারাপার শুরু হয়েছে। গরুর গাড়িগুলো আসা মাত্র টিকিট পাচ্ছে এবং ফেরিতে উঠতে পারছে। গরুর গাড়ির চাক্কা থামবে না। আমরা চেয়েছি গরুর গাড়ি একদম নির্বিঘ্নে পার হয়ে যাবে। এক্ষেত্রে জেলা প্রশাসন জেলা পুলিশ হাইওয়ে পুলিশ নৌ-পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘হাইওয়ে পুলিশসহ রাজবাড়ী জেলা পুলিশের আওতাধীন এলাকায় পশুবাহী ট্রাক আটকানো হবে না এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। ঈদের সময় দৌলতদিয়া ঘাট এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রবণতা দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিবি টিম, মোটরসাইকেল মোবাইল পার্টি ও জেলা পুলিশের স্ট্রাইকিং মোবাইল পার্টি সার্বক্ষণিক কাজ করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর