Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু রামিসা হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৫:২৭

ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল।

সিরাজগঞ্জ: রাজধানীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘আজ দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুকে যেভাবে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এমন ঘটনায় শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তারা আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, অনেক সময় ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ে যায়। ফলে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যায়। এতে সমাজে অপরাধপ্রবণতা আরও বেড়ে যায়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বক্তারা বলেন, দেশের প্রতিটি শিশু রাষ্ট্রের আমানত। শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কিন্তু বর্তমানে সামাজিক অবক্ষয়, মাদক, অশ্লীলতা ও নৈতিক শিক্ষার অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে।

তারা আরও বলেন, শুধু প্রতিবাদ করলেই হবে না, সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। ধর্ষক ও খুনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

সমাবেশ থেকে অবিলম্বে শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দেশব্যাপী শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর