Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যার বিচার দাবিতে সিরাজগ‌ঞ্জে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মে ২০২৬ ২২:৫০

রামিসা হত্যার বিচার দাবিতে সিরাজগ‌ঞ্জে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন বহন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনার কারণে এমন নৃশংস অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। তারা বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের মানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক মুনতাছির মেহেদী বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে অপরাধ বাড়ছে। রামিসার পরিবারের হতাশা বর্তমান পরিস্থিতিরই প্রতিচ্ছবি। আমরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক অবক্ষয়, মাদক বিস্তার এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তারা বলেন, অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্ষণ ও শিশু হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত সম্পন্ন না হওয়ায় অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে নতুন করে অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর