বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রাজ্জাক হাওলাদার (৫০) ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।
পুলিশ জানায়, রাজ্জাক উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ সময় লোকজন তাকে আটক করে মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসের রায়হান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’