ভোলা: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। রোববার (১৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।
পুকুরে ডুবে মারা যাওয়া তিন শিশু হলো- উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী পুত্র মো.তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন ও ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী কন্যা তাসফিয়া।
স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এসব শিশু পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। পরবর্তী সময়ে আশেপাশে খোঁজাখুজির পর বাড়ির পাশে থাকা পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
এদিন রাতে ওসি মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মরদেহগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’