সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. হুসাইন নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার আলোকদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হুসাইন উপজেলার পাইকোশা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সে আলোকদিয়ার গ্রামের সাহেব আলী সরকারের নাতি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে শিশুটি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হুসাইনের মা বাড়ির পাশে পুকুরে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটিকে ঘরের ভেতরে রেখে যান তিনি। কিছুক্ষণ পর মাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের ছোট একটি পুকুরের দিকে চলে যায় হুসাইন। এরপর ডুবে তার মৃত্যু হয়।
শিশুটির মামা জানান, আমার বোন কাপড় ধোয়ার সময় হুসাইনকে ঘরের ভেতরে রেখে গিয়েছিল। পরে ও হয়তো মাকে খুঁজতে গিয়ে পুকুরের দিকে চলে যায়। প্রায় ১০ মিনিট পর আমার বোন ঘরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের পুকুরে হুসাইনের মরদেহ ভাসতে দেখা যায়।
তিনি আরও বলেন, পুকুর থেকে দ্রুত উদ্ধার করে আলোকদিয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এত ছোট একটা শিশুকে এভাবে হারাতে হবে, তা আমরা কল্পনাও করতে পারিনি।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। প্রতিবেশী রহিমা খাতুন বলেন, সকালেও শিশুটাকে উঠানে খেলতে দেখেছি। কিছুক্ষণ পর শুনি পুকুরে পড়ে মারা গেছে। এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। ছোট শিশুদের দিকে সবসময় নজর রাখা দরকার।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।