Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদা থেকে উদ্ধার সেই খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:৩৩

নিহত মোকাররম মিয়া।

ঢাকা: রাজধানীর মুগদা থেকে উদ্ধার হওয়া সেই খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মোকাররম মিয়া (২৮)। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ শনাক্ত করেন তার স্বজনেরা। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আটক করেছে র‍্যাব। জানা গেছে, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে খুন হয়েছেন তিনি।

মোকাররমের চাচাতো ভাই মো. রিফাত জানান, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তার বাবার নাম সোহরাব মিয়া, মায়ের নাম সামিনা বেগম। মোকাররম গত ৩ বছর যাবত সৌদি আরবে ছিলেন। তার স্ত্রী জোনাকি আক্তার একজন গৃহিণী। দুই ছেলে মুজাহিদ (৪) ও বায়জিদ (৬) মায়ের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মোকাররম সর্বশেষ ১৩ মে ছেলেদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। তখন তিনি কাজে যাচ্ছেন, পরে বাসায় ফিরে কথা বলবেন বলে জানান বাচ্চাদের। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। পরে রোববার (১৭ মে) রাতে আশুগঞ্জ থানা পুলিশ তাদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে মোকাররমের মরদেহ উদ্ধারের খবর পাঠায়। এরপরই তার পরিবার ঢাকায় ছুটে আসে এবং থানায় এসে বিষয়টি নিশ্চিত হন।

কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানাতে না পারলেও, একই গ্রামের আরেক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোকাররমের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান চাচাতো ভাই রিফাত।

তিনি বলেন, ‘মোকাররম যেদিন থেকে যোগাযোগের বাইরে, সেদিন থেকেই একই গ্রামের সেই প্রবাসীর স্ত্রীর বাড়িতেও তালা ঝোলানো। মোকাররমকে যারাই খুন করুক, এটি খুবই পরিকল্পিত। হত্যাকারীরাই তাকে দেশে ডেকে এনেছে। তবে তার দেশে আসার খবরটি পরিবারের কেউ জানতো না।’

এর আগে, রোববার দুপুরে রাজধানীর মুগদা মান্ডার প্রথম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে ভর্তি মরদেহের ৭ টুকরো উদ্ধার করে পুলিশ। এরপর রোববার দিবাগত মধ্যরাতে পূর্ব মানিকনগর এলাকা থেকে উদ্ধার করা হয় মোকাররমের বিচ্ছিন্ন মাথা।

সারাবাংলা/এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর