লালমনিরহাট: জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে গণঅভ্যুত্থানের সময়কার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়। আদালতের বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং রাতেই ডিবি পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককালে সাবেক এই কর্মকর্তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাব্বির বিন শামসকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি গত বছরের ২৭ মে লালমনিরহাট সদর থানায় দায়ের করা হয়।
ওসি আরও জানান, দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।