Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার খনন করা খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৮:১৬ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:১৫

খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: সারাবাংলা

চাঁদপুর: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

বিজ্ঞাপন

জানা গেছে, ১৯৭৭-৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালখনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় তিনি নিজেও এসে খোর্দ্দ খাল খনন কার্যক্রমে অংশ নেন। প্রায় ৪৮ বছর পর তার খনন করা সেই খাল পুনঃখননের কাজ শুরু হলো তারই ছেলে তারেক রহমানের মাধ্যমে।

এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ঢাকা থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে বেলা ১টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছান তারেক রহমান। সেখানে এক পথসভায় বক্তব্য শেষে তিনি চাঁদপুরের শাহরাস্তিতে আসেন। এরপর চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর