Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এবিএম শহিদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২২:৫১

এবিএম শহিদুল ইসলাম।

টাঙ্গাইল: জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জারিকৃত এই আদেশটি রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাভাবিপ্রবির আইন অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তার অবসরের বয়স হয়ে গেলে সেই তারিখটিই কার্যকর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

শহিদুল ইসলাম ১৯৭৯ সালে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। মেধাবি ছাত্র হিসেবে তিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্য লাভ করেন।

১৯৮৬ সালে সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে তিনি নিজ বিভাগেই প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি একজন কমনওয়েলথ স্কলার। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই শিক্ষক শিক্ষকতা জীবনে পাড়ি দিয়েছেন দীর্ঘ ৪০ বছর।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, নিয়োগ বাতিলের অফিশিয়াল চিঠি এখনও তিনি পাননি। তবে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে তার প্রতি শুভেচ্ছা জানান তিনি এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর