রাজশাহী: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে (শনিবার) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশবাসীকে সমাবেশের বিষয়ে অবহিত করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো এবং জনগণকে উজ্জীবিত করাই এই সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য।
এ সময় নেতারা তাদের বক্তব্যে মূলত তিনটি মৌলিক দাবি তুলে ধরেন। সেগুলো হলো গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দেশের জনগণ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহণ সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।
‘গণতন্ত্রের মূল শক্তি জনগণ’ উল্লেখ করে নেতারা বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় তারা গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।
এ ছাড়া, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে উজ্জীবিত করে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, বাংলাদেশ খেলাফত মজলিস, রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকেই।