সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির বিয়েবহির্ভূত সম্পর্কের ঘটনা পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (২২) ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহতের বাবা তাহের মণ্ডল জানান, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে উজ্জ্বল ও তাসলিমার বিয়ে হয়। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। দীর্ঘদিন স্বাভাবিকভাবে সংসার চললেও সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির বিয়েবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি পরিবারের কয়েকজন সদস্যকে জানালে শাশুড়ি ও পরিবারের লোকজন তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর থেকেই তাসলিমার ওপর বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার রাতের কোনো এক সময় আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে আমরা সকালে এসে মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এটা আত্মহত্যা নয়, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের কাউকে এলাকায় দেখা যায়নি। এতে এলাকাবাসীর সন্দেহ আরও জোরালো হয়েছে।
তারা জানান, তাসলিমা শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎ এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
ঘটনার বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল কাদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।