Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধ, ৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৫:৩৮

উদ্ধার হওয়া চার জেলে।

বাগেরহাট: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় করিম-শরীফ দস্যুবাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে বনরক্ষীরা। তারা আরও জব্দ করে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুইটি ওয়াকিটকি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল বারেক খানের ছেলে মাসুম খান, খুলনার বটিয়াঘাটার বুজনুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম আলী, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ ও শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হাসান।

বিজ্ঞাপন

বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির সিঙ্গারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পান বনরক্ষীরা। পরে সেখানে অভিযান পরিচালনা করা হলে দস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ও জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে নেয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর