ঢাবি: দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। মে-জুন প্রান্তিকের এ অনুদানের আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে। ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী অনুদান প্রদান করা হবে।
এককালীন চিকিৎসা অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্ক https://www.eservice.pmeat.gov.bd/medical-এ প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাকালীন সময়ে একবারের জন্য অনুদানের আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় আহত হওয়ার সময় ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ের সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরের ব্যবধান এক বছরের বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। শিক্ষার্থীকে আগের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ০০ থাকতে হবে। এসব সনদের কপি আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।
এ ছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে অফিসপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ‘বাবা-মা বা অভিভাবক দরিদ্র’ মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
অন্যান্য ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নসহ ‘গুরুতর আহত’-র সমর্থনে চিকিৎসা সনদের কপি জমা দিতে হবে।
কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ডকপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রের স্পষ্ট কপি আপলোড করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।