Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট / স্নাতক ও সমমানের উপবৃত্তির আবেদন ১৪ জুন পর্যন্ত

স্টাফ করেস্পন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:৩২

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ছবি: সংগৃহীত

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন গ্রহণ চলছে। গত ১৭ মে থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ১৪ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুসারে উপবৃত্তি, শিক্ষা বেতন ও অন্যান্য সুবিধা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও সম্পন্ন করা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ মে সকাল ৯টায় এবং তা চলবে ১৪ জুন রাত ১১ট ৫৯ মিনিট পর্যন্ত।

এ ছাড়া সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক যাচাই-বাছাই শেষে বাছাই কমিটির সিদ্ধান্তসহ পিএমইএটির ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ পাঠাতে হবে। এ কার্যক্রম চলবে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং পিএমইএটির ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে জমা দেওয়ার প্রয়োজন নেই।

উপবৃত্তি-সংক্রান্ত সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬-এ অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।