Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৫:০১

মাদকদ্রব্য ধ্বংস করার একটি মুহূর্ত।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার করা ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৬ মে) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিএম, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাগত বক্তব্যে বলেন, ‘২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছিল।’

বিজ্ঞাপন

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেন্সিডিল, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৫ হাজার ৪৮৫ পিস ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি ইনজেকশন। এ ছাড়া, উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় বিয়ার ও কোকেনও ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিএম, পিএসসি তার বক্তব্যে বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে বিজিবির ভূমিকা অনস্বীকার্য।’

এ ছাড়া তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের এই মরণব্যাধি রুখে দিতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বানও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) জামাল আল নাসের, মেহেরপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এম. মোরশেদ, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাসেল আহমেদ এবং চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বদরুল হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর