কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নার সংলগ্ন একটি লাইব্রেরি ও ফাস্ট ফুড দোকানের ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় মরদেহটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দোকানের ফ্লোরে নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মৃত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘নিহত নারীর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এদিকে, পর্যটন নগরী কক্সবাজারের ব্যস্ততম সৈকত এলাকায় এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্তের অগ্রগতি এখন সবার নজরে।