Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি খুঁড়ে ফের বিপুল মাদক-অস্ত্র পেল নৌবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:২৬

উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৪ মে) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইটভাটার নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযানস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নৌবাহিনীর দাবি, মাদক ও অস্ত্রগুলো অত্যন্ত গোপনীয়ভাবে মাটির নিচে সংরক্ষণ করা হয়েছিল, যা চোরাচালান চক্রের একটি সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দেয়।

টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার বলেন, ‘উদ্ধারকৃত মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপকূলীয় এলাকা, বিশেষ করে টেকনাফ সীমান্তকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালান চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্রগুলো। এসব চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।’

নৌবাহিনী আরও জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে এবং মাদক-অস্ত্র চোরাচালান রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে; যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর