Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের ৪ মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৫:১৩ | আপডেট: ৪ মে ২০২৬ ১৮:০৮

গ্রেফতার হওয়া পিআইও।

পাবনা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা চারটি মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩ মে) দিবাগত রাতে পাবনা শহরের গোপালপুর এলাকা থেকে দুদক ও পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

দুদক সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় কর্মরত থাকাকালীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া মাস্টার রোল তৈরি এবং সরকারি অর্থ নিজ স্বার্থে ব্যবহারের অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন তদন্ত শেষে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিজ্ঞাপন

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি আবুল কালাম আজাদ কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ লাখ ৪২ হাজার ২৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া, অনুসন্ধানে তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন।

মামলার বাদী দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, ‘আবুল কালাম আজাদ সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।’

গ্রেফতারের পর সোমবার (৪ মে) তাকে পাবনা সদর থানা হেফাজত থেকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।