ফরিদপুর: জেলায় নিখোঁজের ৭ দিন পর আইরিন আক্তার কবিতা নামের ৮ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার রেল লাইনের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে একই এলাকার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটিকে মুখ ঢেকে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
শিশুটির চাচা আব্দুল আলীম জানান, গত ২৪ এপ্রিল কবিতা নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন শিশুর বাবা কোতোয়ালী থানার সাধারণ ডায়েরি করেন। এরপর পুকুর, নদী নালায় খোজাখুজি করাসহ ও বিভিন্ন জায়গায় মাইকিং করেন। এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া (৪০) ও দুলাল মোল্লা (৪১) পঁচা গন্ধ পায়। এরপর কলাবাগানের ভিতর মরদেহটি দেখতে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এবিষয় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।