Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:৫৪

কুমিল্লা: জেলার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘ ৫ বছর বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ময়নাল হোসেন। রায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আলামত পর্যালোচনা এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, ২০২১ সালের ২০ মে আসামি ময়নাল হোসেন ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির মরদেহ পলিথিনে মুড়িয়ে একটি টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহত শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রায় ঘোষণার পর নিহত শিশুর পরিবার আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

স্থানীয়রাও এ রায়কে দৃষ্টান্তমূলক উল্লেখ করে বলেন, এমন শাস্তি ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর