কক্সবাজার: কক্সবাজারের রামু থানার অপহরণ ও চুরির মামলার প্রধান আসামি মো. আরিফ উল্লাহকে (২৬) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে নগদ টাকা ও মোবাইলফোনও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় চালানো এক অভিযানে আসামিকে গ্রেফতারের এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার। পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামি অপহরণ ও ৩২ লাখ টাকা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকা থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা এবং দু’টি মোবাইলফোনও উদ্ধার করা হয়।
রামু থানার পুলিশ আরও জানায়, চুরি হওয়া বাকি টাকা তার ভাই মো. নাসিরের কাছে রয়েছে বলে আসামি স্বীকার করেছেন। নাসির চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি মোবাইলফোনের দোকান পরিচালনা করেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে, ভুক্তভোগী গত ২৬ এপ্রিল অপহরণের শিকার হওয়ার বিষয়টি আদালতে জবানবন্দি দিয়ে নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ।
তিনি বলেন, ‘মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’