কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিককে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলার কাছে নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারনামীয় আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সোমবার দুপুর দেড়টার দিকে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া আবু সিদ্দিক নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা কাদির হোসেনের ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।