চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে। নতুন এ ব্যবস্থায় শিক্ষার্থীরা ঘরে বসেই পেমেন্ট সম্পন্ন করতে পারবে এবং কোনো ধরনের পিডিএফ প্রিন্ট করে একাউন্টস অফিসে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অনলাইন পেমেন্ট চালু করেছিল। তবে ওই ব্যবস্থায় পেমেন্টের পর একটি পিডিএফ কপি প্রিন্ট করে একাউন্টস অফিসে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি কমার পরিবর্তে বেড়ে যায়।
পরবর্তীতে চাকসুর উদ্যোগে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে প্রিন্ট জমার বাধ্যবাধকতা বাতিল করে নতুনভাবে পেমেন্ট প্রক্রিয়া সহজ করা হয়।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘অনলাইন পেমেন্ট চালু থাকলেও পিডিএফ প্রিন্ট ও জমার ঝামেলায় শিক্ষার্থীরা স্বস্তি পাচ্ছিল না। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। এখন শিক্ষার্থীরা শুধু পেমেন্ট করলেই হবে, বাকি সব কাজ একাউন্টস অফিস সম্পন্ন করবে। বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং যেকোনো ব্যাংকের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তারা ঘরে বসেই পেমেন্ট করতে পারবে এবং অ্যাকাউন্টস অফিস বাকি কাজ সম্পন্ন করবে। এতে ভোগান্তি অনেকাংশে কমে যাবে।’