হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র পুঁথিগত বিদ্যা একটি জাতির পূর্ণাঙ্গ বিকাশের জন্য যথেষ্ট নয়। জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি শারীরিক সুস্থতা অপরিহার্য। আজকের এই আয়োজনের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মকে একটি প্রশিক্ষিত, দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী জনশক্তি হিসেবে গড়ে তোলা।’
বক্তব্যে তিনি খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে উৎকর্ষিত একজন মানুষ কোনো অবস্থাতেই মাদকাসক্ত হতে পারে না। মাদক থেকে দূরে রেখে তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখাই আমাদের অন্যতম মূল লক্ষ্য বা আল্টিমেট গোল।’
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৯ সালে শহীদ জিয়াউর রহমান যে নতুন কুঁড়ির সূচনা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নতুন কুঁড়ি স্পোর্টস নাম দিয়ে আধুনিক ও যুগোপযোগী করে সারাদেশে ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবল, সাঁতার, হাডুডু, ক্রিকেট, হকি ও টেবিল টেনিসসহ সকল দেশীয় ও আন্তর্জাতিক খেলায় দক্ষ খেলোয়াড় তৈরির কাজ চলছে।’
অনুষ্ঠান শেষে মন্ত্রী হিলি স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। তিনি বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
টুর্নামেন্ট উপলক্ষ্যে সকাল থেকেই মাঠে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের ভিড় দেখা যায়। আয়োজকরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।