রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা না পাওয়ায় শিক্ষিকাকে জুতাপেটা এবং অধ্যক্ষকে মারধর করা বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কার হওয়া নেতার নাম আকবর আলী। তিনি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি
বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ মারধরের ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ, ওই নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন। এসময় পাশে থাকা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।
প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, ‘বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল তাদের অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। পরে আমাদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয় বিএনপি নেতা আকবর আলী বলেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উলটো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি বলেন, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, বিষয়টি নিয়ে আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে বিস্তারিত পরে বলতে পারব।