সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যানে ড্রামে ভর্তি ১১ ব্যারেল পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চালক ও হেলপারকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের শ্যামলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, পাশের শাহজাদপুর উপজেলা থেকে রাজশাহীর উদ্দেশে একটি পিকআপভ্যানে ২ হাজার ৪২০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, শ্যামলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহজাদপুর থেকে আসা ড্রামে পেট্রোল ভর্তি একটি পিকআপভ্যান আটক করা হয়। পরে এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক ও হেলপারকে ১০ হাজার টাকা জরিমানা ও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া উল্লাপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা বলেন, গতকাল বুধবার রাতে উপজেলার শ্যামলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ ব্যারেল পেট্রোলসহ ভর্তি একটি পিকআপভ্যান আটক করা হয়। পরে পিকআপভ্যানের চালক ও হেলপারকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত পেট্রোল স্থানীয় একটি পাম্পে সরকারি মূল্যে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া বলেও জানান তিনি।