নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেল পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পন্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।
পুলিশ জানায়, লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসভিটায় অবৈধ ভাবে পেট্রোল মজুদের তথ্য পায় ডিবি পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনউদ্দিন বলেন, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত পেট্রোল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।