পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় রায় (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়াতে এসে তারা সীমান্তবর্তী এলাকায় ঘুরতে গিয়ে মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহলদল তাদের আটক করে নিয়ে যায়।
ঘটনা জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্প থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুই কিশোরকে ফেরত আনার বিষয়ে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘স্থানীয় মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’