রংপুর: সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রংপুর সিটি করপোরেশনে (রসিক) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সিটির ৩৩ ওয়ার্ডের ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
তিনি বলেন, ক্যাম্পেইন চলবে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে ৫৯ মাস (পাঁচ বছরের কম বয়সী) প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হবে।
তিনি জানান, সিটির ৩৩টি ওয়ার্ডে ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। সরকারি ছুটির দিন বাদ দিয়ে মোট ১৪ দিন এ কর্মসূচি চলবে। ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
সিটি প্রশাসক আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে চিঠি পাঠানো হয়েছে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। টিকা নেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে ঘাবড়ে না গিয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় ও স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা।