খুলনা: খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনের সময় এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত অস্ত্রাগার (ম্যাগজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
মৃত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (বিপি নম্বর: ৯৯১৮২১৪৯২৯)। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।