Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ০০:০২

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ২ শিশুর মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাংগা ইউনিয়নের লক্ষী নারায়নী বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে এক শিশুর এবং সাড়ে ৪টার দিকে অপর শিশুর মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জানা গেছে, রাজু স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

বিজ্ঞাপন

পুলিশ-ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে ২ শিশু করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় লাম্মিম তাকে সাহায্য করতে গেলে একপর্যায়ে দুজনই নদীর গভীরে তলিয়ে যায়।

দুপুরের পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালানো হয়। বিকেলে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাম্মিমের মরদেহও উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয় এবং নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক সচীন চন্দ্র রায় জানান, পারিবারিক কারণে লাম্মিম তার মামার বাড়িতে থাকতো। দুই শিশু ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, মরদেহ দুটি সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর