চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবণ মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
সহকর্মী মফিজুল জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে দায়িত্ব পালনকালে তার চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তিনি রাতে আগেই ঘুমিয়ে পড়েন এবং তুষারকে রাত আড়াইটার সময় ঘুম থেকে ডেকে দিতে বলেন। কিন্তু তুষার তাকে রাতে ডেকে দেয়নি। তিনি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উঠে তুষারকে খুঁজতে থাকেন। পরে সকাল ৭টা পর্যন্ত খোঁজ না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করতে গিয়ে পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আতিয়ার রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’