নীলফামারী: নীলফামারীর ডোমারে ১১ দিনব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩১ হাজার ১৯২ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী, ডোমার রিপোটার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টুসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ‘হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব রোগ থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়া। সরকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুদের জন্য বিনামূল্যে এই টিকা প্রদান করছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য চিকিৎসকেরা আহ্বান জানান।’
ক্যাম্পেইনে ৩১ জন টিকাদান কর্মী ও ৩০ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এছাড়া ২১০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে যারা টিকা নিতে পারবে না, তাদের জন্য ১০ মে বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে।