রাজবাড়ী: রাজবাড়ীতে ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ আগামী ২০ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। ছয় মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই টিকার আওতাভুক্ত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
সিভিল সার্জন ডা. এসএম মাসুদ বলেন, রাজবাড়ীতে নিয়মিতভাবেই হামের টিকা দেওয়া হচ্ছে। জেলায় এখনো ২১ হাজার টিকা মজুদ আছে। সারাদেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার শিশুদেরকে হামের একটি বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ৬ মাস একদিন বয়সের শিশু থেকে ৫ বছর বয়সী সকল শিশু এই টিকার অন্তভুক্ত হবে। ৫ বছরের উপরে যদি কোনো শিশুর টিকা প্রয়োজন হয় তাহলে বেসরকারি ভাবে কিনতে পারবেন। তবে কোনো শিশুকে যদি একবার হামের টিকা দেওয়া হয় তাহলে এই টিকা দেওয়ার কমপক্ষে ২৮-৩০ দিন অতিবাহিত হওয়ার এই বিশেষ ডোজ নিতে পারবে। অনলাইন ও অফলাইনের মাধ্যমে এই টিকা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, ‘জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে সরকারি স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ৮৫ হাজার ডোজ টিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। বাকি টিকাও পেয়ে যাব।’
তিনি আরও জানান, চলতি বছর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ৭৪ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে। বাকিদের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
কোনো শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে স্থানীয় হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শেখ সোহানসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।