রাজবাড়ী: রাজবাড়ীতে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। এ সময় জেলার পাঁচটি উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। উদ্বোধনের আগে জেলা প্রশাসক আফরোজা পারভীন বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আদর্শ মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজির হোসেন।
সেমিনারে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, গবেষণার দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে; যা তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পেশা গ্রহণে উৎসাহিত করে। নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।’